ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণসহ মোট তিনটি শর্ত পূরণ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও মুখপাত্র এ কে এম শহীদুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি—এই তিনটি শর্ত পূরণ সাপেক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে সম্মত রয়েছেন। ইতোমধ্যে এসব শর্ত পূরণ ও অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে ভারতের নিকট স্পষ্ট বার্তা পাঠিয়েছে ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। চলতি সপ্তাহেই এই সফরটি হতে পারে বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করা হলো।

আপনার মতামত দিন