রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক বৃদ্ধ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আক্রমণ চলাকালে রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মস্কোর দোমোদেদোভো শহরের প্রধান বিমানবন্দরের নিকটবর্তী একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর ধারণ করা ভিডিও চিত্রে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের উদ্দেশ্যে ওয়াইল্ডবেরিজের অবকাঠামো ব্যবহার করা হচ্ছিল। মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটিকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তারা তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত দিন