পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি (২৬)। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন। গত শুক্রবার (১৪ আগস্ট) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে একটি হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তির ফোন পেয়ে শামসো বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে গাড়িতে বের হন। পথিমধ্যে একটি পেট্রল পাম্পের কাছে মোটরবাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
একটি গুলি সরাসরি শামসো বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তার ছোট বোন আসিমা গুরুতর আহত হন।
সম্ভাব্য কারণ ও হুমকি: নিহতের বাবা জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসো বিবির অর্থসংক্রান্ত লেনদেন ছিল। টাকা ফেরতের দাবি নিয়ে তারা পূর্বে শামসোকে হুমকি দিয়েছিল, যা নিয়ে পূর্বে পুলিশে লিখিত অভিযোগও করা হয়েছিল।
নিহত শামসো বিবি বিগত তিন-চার বছর ধরে টিকটকে নিয়মিত কনটেন্ট তৈরি করে আসছিলেন এবং প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী (ফলোয়ার) ছিল। ঘটনাটির তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

আপনার মতামত দিন