ভারতের বিহারের লখিসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সোমবার (১৭আগস্ট) সকালে শ্রাবণী মেলা উপলক্ষে আয়োজিত পূজা দিতে আসা বিপুলসংখ্যক ভক্তের ভিড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় ভোর থেকেই শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব (অশোক ধাম) মন্দিরে ঢল নেমেছিল ভক্তদের। সকাল সাড়ে ৬টার দিকে কাছাকাছি স্টেশনে দুটি ট্রেন এসে পৌঁছালে মন্দির প্রাঙ্গণে ভিড় ভয়াবহ আকার ধারণ করে।
অতিরিক্ত ভিড়ের চাপে একপর্যায়ে মন্দিরের বাইরের একটি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়লে মানুষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, ভিড়ের সময় হঠাৎ একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এতে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে লোকজনের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
গুজবের মুখে দর্শনার্থীরা হুড়োহুড়ি করে পালাতে গেলে নারীদের সারিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেকেই একে অপরের ওপর পড়ে পিষ্ট হন।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত দিন