ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে এসব রিকশার ব্যাটারি চার্জের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎসের বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশাকে কোনো ধরনের রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
রাজধানী ঢাকাকে ৮টি জোনে ভাগ করা হবে এবং প্রতি জোনের জন্য নির্দিষ্ট ৮টি ভিন্ন রঙের ই-রিকশা থাকবে। রিকশাগুলো নির্ধারিত জোনের বাইরে চলাচল করতে পারবে না, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন শেষে কার্যক্রম শুরু হবে।
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে আনুমানিক প্রায় ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে এবং নির্বাচন কমিশন এর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত দিন