দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা এখনও সম্পূর্ণভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, তা জনগণই বিচারে বলবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় মানুষের যে প্রত্যাশা, তা পুরোপুরি পূরণ করতে আরও কিছুটা সময় লাগবে।"
আল-কায়েদা সংক্রান্ত জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ অনুমাননির্ভর। সুতরাং এমন অনুমাননির্ভর প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড (স্থলভিত্তিক) এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করেই নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুদের এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের মোট গ্যাসের অভ্যন্তরীণ চাহিদা নিজস্ব অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো সম্ভব হবে।

আপনার মতামত দিন