ইরানের সঙ্গে হরমুজ প্রণালি চুক্তি নিয়ে মধ্যস্থতার চেষ্টা বা সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, "ওমান বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের ওপর ভয়াবহ হামলা চালাব"। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রও এ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে ভবিষ্যতে নিরাপদ জাহাজ চলাচলের নিয়মকানুন ও একটি যৌথ ঘোষণাপত্র তৈরির কাজ করছেন। তবে ট্রাম্পের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এমনকি গত শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করতে পারেন। জবাবে ইরান জানিয়েছে, তাদের অবরুদ্ধ করে রাখা এই গুরুত্বপূর্ণ নৌপথ 'ইরানেরই থাকবে'।
তেহরান তাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা এবং সামরিক ও পারমাণবিক কর্মসূচির সুরক্ষা নিশ্চিত করতে হরমুজ প্রণালির ভৌগোলিক অবস্থান ও নিয়ন্ত্রণকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। উল্লেখ্য, কৌশলগত জলপথ হরমুজের উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের অবস্থান।
এদিকে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে উঠলেও দ্রুত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ট্রাম্প কোনো তাড়াহুড়ো দেখাচ্ছেন না। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুদ্ধের রাজনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখলে মরিয়া বিরোধী ডেমোক্র্যাটদের মোকাবিলায় ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য এ ইস্যুটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

আপনার মতামত দিন