ভারতের ব্যাঙ্গালোরের চিক্কাবানাভারা এলাকায় এক নারী তার পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজ স্বামী ও চার বছর বয়সী শিশুপুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জোড়া খুনের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলেন ৩৪ বছর বয়সী অভিনন্দন এবং তার ৪ বছরের ছেলে যদুবীর। ঘটনার দিন রাতে ঘুমানোর ব্যবস্থা নিয়ে অভিনন্দন ও তার স্ত্রী হারিণীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে হারিণী একটি হাতা দিয়ে স্বামীকে আঘাত করেন। এরপর দু’জন পৃথক কক্ষে চলে গেলে হারিণী গোপন সুযোগে তার কথিত প্রেমিক বিনয়কে ডেকে নেন। পরে তারা দু’জন মিলে অভিনন্দনকে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যাকাণ্ডের সময় তাদের শিশুপুত্র যদুবীর ঘুম থেকে জেগে উঠলে তাকেও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। অপরাধ গোপনের উদ্দেশ্যে হত্যাকাণ্ডের পর ঘরের রক্তের দাগ পরিষ্কার করা হয় এবং এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে পুলিশ সন্দেহ করছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পরিচালনা করছে। তবে মূল অভিযুক্ত প্রেমিক বিনয় বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে কানাকাপুরা ও আশপাশের এলাকায় অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন