পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। চিকিৎসাসংক্রান্ত উদ্বেগের কারণে বিচার বিভাগ এই পদক্ষেপ গ্রহণ করেন।
পিটিআই-এর মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা এবং ডান চোখের দৃষ্টিশক্তির অবনতির কারণে এটি জরুরি একটি সিদ্ধান্ত ছিল। দলের আরেক মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা জানান, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রাখার নির্দেশনা দিয়েছেন।
৭৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে তোশাখানা ও বেআইনি বিয়েসহ একাধিক মামলা দায়ের করা হয়, যেগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও বিশ্বকাপজয়ী এ অধিনায়কের কারাগারে শারীরিক অবনতির খবরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বহু ক্রিকেট কিংবদন্তিও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা পিটিআই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলীয় প্রতীক 'ব্যাট' হারিয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিলেও দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশে এখনো তাদের ব্যাপক রাজনৈতিক জনপ্রিয়তা রয়েছে।

আপনার মতামত দিন