সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন এবং আদালতে তিনিই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার রুল চাওয়া হয়। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া স্থগিতের আবেদন জানানো হয়েছিল। আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত দিন