রাষ্ট্রপতি নির্বাচনে সরকারদলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জাতীয় সংসদের সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটগ্রহণ ও ফল ঘোষণার নির্দিষ্ট অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণতান্ত্রিক চর্চাকে আরও জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারদলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও প্রার্থীদের ভোটদানের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন শেষে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের পাশাপাশি পরবর্তী দিন অর্থাৎ ২১ আগস্ট সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত দিন