ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্য ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, তেহরানকে কোনো ধরনের সাহায্য বা সমর্থন দেওয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকে ভয়াবহ অর্থনৈতিক মাশুল গুনতে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নজিরবিহীন এক কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে।
উক্ত পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনী ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সামরিক কারখানাগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে দেশটির মুদ্রার মানও রেকর্ড পরিমাণে কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করে ট্রাম্প মার্কিন মিত্রদের ইরানের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইরানকে সমর্থন জোগাবে, তাদের চরম অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে—যদিও কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
ট্রাম্পের মতে, এই ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করা থেকে নিরস্ত করবে। একই সঙ্গে তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

আপনার মতামত দিন