কেনিয়ার মধ্যাঞ্চলে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান এবং পাঁচ মার্কিন নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। বুধবার দেশটির সামবুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ে পাহাড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সামবুরু কাউন্টির পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই জানান, পাইলটসহ হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিলাসবহুল ট্যুর এজেন্সি ‘অ্যান্ডবিয়ন্ড’-এর পরিচালনায় ট্রিপে ছিলেন তারা।
ইকুয়েডর সরকার জানিয়েছে, দুর্ঘটনায় তাদের জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেন্সি-কনতুগি এবং তাঁর স্ত্রী, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার স্টেফানি হোলিহান নিহত হয়েছেন। শীর্ষ এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মধ্যে মার্কিন স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক ‘টেলিমুন্ডো’র শীর্ষ নির্বাহী হোসে সুয়ারেজও রয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের পাঁচ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নাইরোবির মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।
এদিকে কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় এবং দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে বিমান বিধ্বস্তে প্রকৃত কারণ এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী দল।

আপনার মতামত দিন