ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এসেছে নতুন ধারা। এরই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে ফের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় সংসদের কক্ষে ভোটাভুটির মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদে মোট ৩৪৯জন সংসদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীর বিজয়ের সম্ভাবনা জোরালো। অন্যদিকে, বিরোধী জোটের অবস্থান জানা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে নিশ্চিত পরাজয় জেনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১-দলীয় ঐক্য।
প্রসঙ্গত, দেশে ১৯৯০সালের গণঅভ্যুত্থানের পর ১৯৯১সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন বা সংসদীয় রাজনৈতিক কাঠামোর যেকোনো তথ্যের জন্য দেখুন বাংলাদেশ জাতীয় সংসদ-এর ওয়েবসাইট।

আপনার মতামত দিন