বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে নতুন সংশোধিত সূচি অনুযায়ী পুনারায় শুরু হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত পরীক্ষার অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এছাড়া আগামী ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষা শেষে আগামী ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হবে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হবে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষায় আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। নতুন সূচি অনুযায়ী, আগামী ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্রসহ অন্যান্য বিষয় শেষে ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে আলিম পরীক্ষা সম্পন্ন হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের লক্ষ্যে উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই কোনো বিলম্ব না করে ডাকযোগের (জিইপি) মাধ্যমে বোর্ডে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বিভাগীয় কিংবা শিক্ষাবোর্ড সম্পর্কিত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য দেখুন চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর অফিশিয়াল ওয়েবসাইট।

আপনার মতামত দিন