পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তাকে 'সুস্থ' ঘোষণা করার পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একজন চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ দল তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন। এর আগে স্বাস্থ্যসংক্রান্ত নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট তাকে দ্রুত হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো এবং পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের এই নির্দেশনার পরই তাঁর স্বজনরা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
ইমরান খানের আইনজীবী ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর অভিযোগ ছিল, কারাগারে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না এবং চোখের চিকিৎসায় অবহেলার কারণে তাঁর দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। একই সঙ্গে বিষয়টি নিয়ে যেন রাজনৈতিক কর্মসূচি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।

আপনার মতামত দিন