ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকেছেন। এই নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি নিজের এই সিদ্ধান্তের পেছনে তিনটি প্রধান কারণ তুলে ধরেছেন।
সরাইলের শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে রুমিন ফারহানা জানান, প্রথমত, যে নির্বাচনে কোনো ধরনের অনিশ্চয়তা নেই এবং ফলাফল আগে থেকেই নির্ধারিত, তাকে প্রকৃত নির্বাচন বলা যায় না। তাঁর মতে, এটি নির্বাচনের চেয়ে এক ধরনের ‘মনোনয়ন’।
দ্বিতীয়ত, একটি বড় গণঅভ্যুত্থানের পর জনগণের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে একজন অরাজনৈতিক ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেওয়ার বড় সুযোগ ছিল, যা এই প্রক্রিয়ায় হাতছাড়া হয়েছে।
তৃতীয়ত এবং তাঁর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটের পূর্বে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে আসা। এই প্রেক্ষাপটে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়াকে তিনি গণতান্ত্রিক যৌক্তিকতাহীন ও প্রহসন বলে মনে করেন।

আপনার মতামত দিন