যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি দূরবর্তী সামরিক রাডার সাইটের কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৮ আরোহীর সকলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২জন পাইলট এবং ৬জন যাত্রী ছিলেন, যারা সকলেই মার্কিন সামরিক বাহিনীর কর্মী।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর কেপ নিউেনহাম বিমানবন্দর এলাকায় এটি দুর্ঘটনায় পড়ে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বিমানে থাকা কারো জীবিত থাকার সম্ভাবনা ছিল না।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং এফএএ যৌথভাবে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ওই বিমানঘাঁটিটি মূলত পাহাড়ের ঢালে অবস্থিত এবং একটি সামরিক রাডার সাইটে যাতায়াতের জন্য কেবল অনুমোদিত বিমানই সেখানে ব্যবহার করা হয়ে থাকে।
মার্কিন বিমান বাহিনীর লেফট্যানেন্ট জেনারেল রবার্ট ডেভিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জানান, নিহতরা সকলেই দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। স্বজনদের সাথে যোগাযোগ সম্পন্ন হওয়ার পর নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন