সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত মন্ত্রিসভাতেও তিনি একই দায়িত্বে ছিলেন এবং নতুন দফতর বণ্টনের পরও তিনি তার পদে বহাল থাকছেন। এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এতে কোনো সমস্যা বা অসুবিধা নেই।

আপনার মতামত দিন