তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদের অপর এক প্রজ্ঞাপনে তাঁকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এই পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আপনার মতামত দিন