মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত অনলাইন বদলি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৩ (সংশোধিত) অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আবেদনের গুরুত্বপূর্ণ নিয়মাবলী ও শর্তসমূহ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় http://ngttdshe.teletalk.com.bd লিংকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে।
একজন শিক্ষক তার পছন্দ অনুযায়ী ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রাপ্ত আবেদন যাচাই শেষে বদলির আদেশ জারি করা হবে।
প্রার্থীরা নিজ জেলায় অথবা নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তাছাড়া স্বামী বা স্ত্রীর কর্মস্থল বা নিজ জেলায় বদলির সুযোগ রয়েছে।
চাকরিতে প্রথম যোগদানের পর ন্যূনতম দুই বছর পূর্ণ হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের পরও একই শর্ত প্রযোজ্য হবে।
কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তারা বদলির যোগ্য হবেন না। বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না।
সংশ্লিষ্ট শিক্ষকদের আবেদন করার পূর্বে নিজেদের তথ্য ও যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন