বঙ্গোপসাগরে ভারতের ওড়িশার পারাদীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ নামের একটি বিশালাকার বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বাংলাদেশিসহ বাকি ২২ নাবিক নিখোঁজ রয়েছেন।
ডুবে যাওয়া জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদীপ বন্দর থেকে লোহার আকরিক বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল।
গত শনিবার জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে এটি পানিতে তলিয়ে যায়। নিকটবর্তী একটি বাণিজ্যিক জাহাজ দুটি লাইফরাফ্ট থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করে।
নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ডের তিনটি জাহাজ—‘বরদ’, ‘আনমোল’ ও ‘বিজীত’ যৌথভাবে বিশাল তলরাশি অভিযান পরিচালনা করছে। পাশাপাশি ওই সমুদ্রসীমার অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন