হলিউডের সিনেমার গল্পকেও হার মানিয়েছে ২০২২ সালের নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনা। এই নাশকতায় জড়িত থাকার সন্দেহে ইউক্রেনীয় পেশাদার ডুবুরি ভলোদিমির ঝুরাভলেভকে ক্রোয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। চমকপ্রদ বিষয় হলো, গ্রেপ্তারের সময় তিনি যে সিনেমার সেটে কাজ করছিলেন, সেটির গল্পও নর্ড স্ট্রিম বিস্ফোরণকে ঘিরেই তৈরি।
জার্মানির জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত বুধবার ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ ঝুরাভলেভকে গ্রেপ্তার করে। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা জার্মানির কাছে তার প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াই শুরু করেছেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। জার্মান তদন্তকারীদের দাবি, সাবেক এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তার নেতৃত্বে ডুবুরি ও বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল ভুয়া পরিচয় ব্যবহার করে এই নাশকতা চালিয়েছিল।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ডগ লিম্যান পরিচালিত ‘স্নেক আইল্যান্ড’ নামের একটি হলিউড সিনেমার শুটিং সেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাকতালীয়ভাবে সিনেমাটির গল্পও একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণকে কেন্দ্র করে নির্মিত রাজনৈতিক থ্রিলার।

আপনার মতামত দিন