দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন রোগী। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে জুলাই মাস সবচেয়ে ভয়াবহ ছিল, যেখানে ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হয়েছিল। তবে আগস্ট মাসের প্রথম ২৩ দিনেই সেই রেকর্ড ছাড়িয়ে শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৬১৯ জনে।
এর আগে চলতি বছরের অন্যান্য মাসে আক্রান্তের সংখ্যা ছিল—জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনে ২ হাজার ৯০৭ জন।
বিশেষজ্ঞরা ডেঙ্গু সংক্রমণ রোধে মশা নিধন এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দিচ্ছেন।

আপনার মতামত দিন