ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাজধানীর বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীন ও রাশিয়া দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে, তবে ই-মেইলটি কোন উৎস বা স্থান থেকে পাঠানো হয়েছে তা এখনো জানা যায়নি। নিয়মানুযায়ী ঢাকার বিদেশি দূতাবাসগুলো বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানোর পর দূতাবাসগুলোর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং ও টহল বাড়ানো হয়েছে।
এডিসি আবু খায়ের আরও বলেন, দূতাবাসগুলো সম্ভবত সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। আমাদের কাছে অফিসিয়াল কোনো লিখিত অভিযোগ না এলেও, বিষয়টি জানার পরই আমাদের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।

আপনার মতামত দিন