নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাদে যেকোনো দলের সভা-সমাবেশ করা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করার পূর্ণ অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জনগণ যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে কথা বলতে পারে, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
গুম ও মানবাধিকার লঙ্ঘন রোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইনমন্ত্রী জানান, গত ছয় মাসে দেশে মাত্র একটি গুমের ঘটনা ঘটেছে এবং আরও তিনটি ঘটনার তদন্ত বর্তমানে চলমান রয়েছে। গুমের বিষয়ের প্রতি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ছাড়া বর্তমান সময়ে মিথ্যা মামলা পুরোপুরি বন্ধ রয়েছে—এমনটি দাবি না করলেও সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে বলে জানান তিনি।
মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমান আইনে কিছু আইনি জটিলতা থাকায় তা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় সংশোধন শেষে এটি খুব দ্রুতই জাতীয় সংসদে উত্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।
সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন বহাল থাকবে, ততদিন সময়ের প্রয়োজনে এতে প্রয়োজনীয় সংস্কারগুলো অব্যাহত রাখতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, “আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, বরং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের কাজে ভুলত্রুটি থাকতে পারে, তবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই আমাদের যাত্রাপথকে এগিয়ে নিতে চাই।”

আপনার মতামত দিন