হোম / জাতীয় / ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে র‌্যাবে...
জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০১:০৮ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধর্মীয় এই অনুষ্ঠান নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত ও জিকিরে অংশ নেবেন। এই আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। অনুষ্ঠানস্থলগুলোতে পর্যাপ্ত সদস্য মোতায়েন ছাড়াও আগাম প্রস্তুতি হিসেবে ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং স্থানীয় ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের এই নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা বা অপতৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য কড়া নজরদারি চলছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক পোস্ট বা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+