ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পাঁচ কমান্ডারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলে ১ কোটি (১০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার পাশাপাশি প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরিয়ে নেওয়ার সুবিধাও দেবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের তালিকায় থাকা পাঁচ কমান্ডার হলেন—আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদোল্লাহি, অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি, সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই কর্মকর্তারা আইআরজিসির গুরুত্বপূর্ণ শাখাগুলোর দায়িত্বে রয়েছেন, যা যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থাপনা এবং স্পর্শকাতর অবকাঠামোর ওপর হামলা ও সাইবার আক্রমণের সাথে জড়িত। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় বা অবস্থান নিশ্চিত করতে পারে—এমন তথ্যের গুরুত্বের ওপর ভিত্তি করে এই আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে আইআরজিসি-কে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ওয়াশিংটনের এই নতুন পদক্ষেপকে অর্থনৈতিক ও প্রশাসনিক চাপের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন