যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগ পেয়েছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তাকে দুই বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সাবেক এই প্রবীণ কূটনীতিক সম্প্রতি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আব্দুল মুহিতকে ‘গ্রেড-১’ মর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, তার ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদায়ন দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিত কূটনীতিক হিসেবে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের অধিকারী। তিনি অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

আপনার মতামত দিন