জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নাগরিকদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে বিপুল অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। দেশটির নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর আওতায় যোগ্য নাগরিকরা সন্তান জন্মের পর সর্বোচ্চ ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা) পর্যন্ত সহায়তা পাবেন।
রোববার ন্যাশনাল ডে র্যালিতে এ ঐতিহাসিক ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। নতুন এই চাইল্ড সাপোর্ট প্যাকেজের আওতায় সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান বিভিন্ন সুবিধা থেকে আরও প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল বা তার পর জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো শুরুতেই ১০ হাজার সিঙ্গাপুর ডলার নগদ উপহার পাবে, যা প্রথম এক বছরে দুই কিস্তিতে দেওয়া হবে। এ ছাড়া শিশুর বয়স ১৬ বছর হওয়া পর্যন্ত প্রতি বছর আরও ২ হাজার সিঙ্গাপুর ডলার করে ক্রেডিট সুবিধা দেওয়া হবে।
প্রশাসন জানিয়েছে, বিদ্যমান সুবিধার তুলনায় প্রথম সন্তানের ১৭ বছর বয়স পর্যন্ত একটি পরিবার মোট অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার সহায়তা পাবে। সরকারের নতুন এই উদ্যোগের ফলে দেশটির প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার এবং ১৭ বছর বা তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু সরাসরি উপকৃত হবে।
উল্লেখ্য, দ্রুত বয়োবৃদ্ধের হার বাড়তে থাকায় সিঙ্গাপুর বড় ধরনের জনমিতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। চলতি বছরই দেশটি ‘সুপার-এজড সোসাইটি’ বা এমন একটি সমাজ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে, যেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। এই পরিস্থিতি সামাল দিতে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং আনুষঙ্গিক নীতিমালারও বড় পরিবর্তনের কাজ চালাচ্ছে সিঙ্গাপুর সরকার।

আপনার মতামত দিন