শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাঁকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে আরও পেশাদার হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি স্পষ্ট করে জানান, তিনি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কারও আত্মীয় হিসেবে নয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তাঁকে তথ্যমন্ত্রীর ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তাঁর আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’
এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমানও ওই সাংবাদিকের উদ্দেশ করে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা... উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’
পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং সরকারের তরফ থেকে জানতে পেরেছি, যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় যেমনটা লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’
পার্থ আরও বলেন, ‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, কিন্তু ওই সরকার এখন রাজনৈতিকভাবে সেই দায়ভার নিতে না চেয়ে বিষয়টি বিচার বিভাগের ওপর ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’
শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দাবি একটাই; শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা রয়েছে, জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগের সব ঘটনার সঠিক বিচার আমরা চাই।’

আপনার মতামত দিন