আসছে মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে একটি বড় প্রতিনিধি দল নিয়ে যোগ দিতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালের মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যকার শীতল সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দীর্ঘ সাত বছর পর এটি হতে যাচ্ছে তাঁর প্রথম ভারত সফর।
আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে বেইজিং ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ভারতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কর্মকর্তারা ইতোমধ্যে হোটেল বুকিং ও নিরাপত্তা প্রটোকল চূড়ান্ত করার কাজ শুরু করেছেন। আসন্ন এই সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৪০০ কর্মকর্তার একটি বিশাল প্রতিনিধি দল আসার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০১৯ সালে তাঁর সর্বশেষ ভারত সফরের সময় প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ছিল দুই শতাধিক।

আপনার মতামত দিন