বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এর নিখোঁজ পাঁচ জেলেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সাগর থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে গভীর সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় আটজন জেলে প্রাণে বেঁচে যান। তবে সেসময় পাঁচজন জেলে নিখোঁজ ছিলেন।
স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে কয়েক দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সোমবার হঠাৎ আবহাওয়া খারাপ হলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। পরে নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা থেকে একাধিক ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহের সন্ধান মেলে। ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের সমন্বয়ে গভীর সাগরে উদ্ধার অভিযান চালানো হয়। এদিকে দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া আট জেলেকে নিরাপদে উপকূলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পাঁচ জেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পাথরঘাটায় তাদের স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।

আপনার মতামত দিন