হোম / জাতীয় / জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: চিরজাগরূক...
জাতীয়

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: চিরজাগরূক বিদ্রোহী কবি

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী।

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও তাঁর অসামান্য কবিতা ও গান অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালির চেতনাকে গভীরভাবে আলোড়িত করে চলেছে।

১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিভে যায় এই অনন্য প্রতিভার জীবনপ্রদীপ। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবের কঠিন দারিদ্র্য তাঁকে দমাতে পারেনি; বরং প্রতিকূলতা জয় করে তিনি সৃষ্টি করেছেন কালজয়ী কবিতা, গান, গজল, নাটক ও শ্যামাসংগীত। বাংলা সাহিত্য এমন কোনো শাখা নেই, যেখানে তাঁর সৃজনশীল পদচারণা পড়েনি।

কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতার কালপর্ব ছিল মাত্র ২৩ বছর। এই স্বল্পসময়েই তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং মানুষের মনে জাগিয়ে তুলেছেন মুক্তির স্পৃহা। নিজের ভাষায় যিনি ছিলেন বিদ্রোহী ও প্রেমিক—“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।” সাহিত্যের পাশাপাশি মানবমুক্তির টানে তিনি সরাসরি যুদ্ধেও অংশ নিয়েছিলেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবার বাংলাদেশে এনে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। তৎকালীন সরকার রাজধানীর ধানমন্ডিতে তাঁকে বসবাসের জন্য একটি বাড়ি প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে তাঁকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। পরবর্তীতে ১৯৭৬ সালে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান করা হয়।

জাতীয় কবির এই প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ১২ ভাদ্র সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+