নেপালের সাম্প্রতিক ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিখোঁজ হাজার হাজার মানুষের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাঠমান্ডুতে অনুষ্ঠিত এক সম্মেলনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ এই ভারতীয়দের অধিকাংশই মানসরোবরযাত্রী ছিলেন বলে জানা গেছে।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড অন্বেষা সামিট’-এ বক্তব্য রাখার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, রসুয়া অঞ্চলে ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শিশির খানাল জানান, ক্ষতিগ্রস্ত রসুয়া অঞ্চলটি মানসরোবর যাত্রার অন্যতম প্রধান রুট হওয়ায় সেখানে ভারতীয়সহ অনেক বিদেশি পর্যটক অবস্থান করছিলেন। নিখোঁজ ভারতীয়দের সন্ধান ও তাদের সঙ্গে যোগাযোগের সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি, বিদেশি নাগরিকদের সুরক্ষায় বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
হিমালয়কন্যা নেপালে সাম্প্রতিক সময়ের এই অন্যতম ভয়াবহ দুর্যোগে তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দুর্গম এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

আপনার মতামত দিন