আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিনি আর জামিন চান না এবং নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চান। দীর্ঘ কারাবাস ও স্বামীর মৃত্যুর পর তাঁর আর বাসায় ফেরার তাড়া নেই বলে আদালতকে জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হলে তিনি এ কথা বলেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।
ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কাঠগড়ার মাইক্রোফোনে দীপু মনি বলেন, তাঁর স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত ১৮ আগস্ট রাতে মারা গেছেন। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে তিনি পাশে থাকতে পারেননি। এ অবস্থায় তাঁর বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সন্তানরা জামিন চাইলেও তাঁর নিজের আর বাড়ি ফেরার তাড়া নেই।
শুনানি শেষে ট্রাইব্যুনাল দীপু মনির বক্তব্যে গভীর সমবেদনা প্রকাশ করে জানান, বিচারিক প্রক্রিয়া এবং অন্যান্য আইনি বিষয় বিবেচনায় নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আপনার মতামত দিন