নেপালে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাখীবন্ধন উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি জানান, দুর্গম এলাকায় আটকে পড়া সাড়ে চার হাজারের বেশি মানুষকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ মোট ১৫হাজার ৪৩১জন সদস্য সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ভোতে, কোশী ও ত্রিশুলি করিডোরসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে আটকে পড়া ১৯১জন শ্রমিকও রয়েছেন।
উদ্ধারকাজে বিমান বাহিনী ও বেসরকারি খাতের ১৬টি হেলিকপ্টারের মাধ্যমে ৯৯টি সফল ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আটকে পড়া ১২৯ জন বিদেশি পর্যটককে নিরাপদে উদ্ধার করে শনাক্ত করা হয়েছে।
যোগাযোগ ও অবকাঠামো স্বাভাবিক করতে কাঠমান্ডু-মুগলিং মহাসড়ক চালুসহ বিকল্প পথ তৈরি করা হয়েছে এবং সাময়িক যোগাযোগের জন্য ভারত ও চীনের কাছে ১০টি বেলি সেতুর অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলায় গঠিত ত্রাণ তহবিলে মাত্র ৩৬ঘণ্টার মধ্যে ১ দশমিক ৯ বিলিয়ন রুপি জমা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের এক মাসের বেতন অনুদান দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা, খাবার পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত টেলিযোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালুর কাজ পুরোদমে এগিয়ে চলছে।

আপনার মতামত দিন