নিরাপত্তা শঙ্কার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী কনিষ্ঠপুত্র ব্যারন ট্রাম্প বর্তমানে অত্যন্ত নিভৃত জীবনযাপন করছেন। সম্প্রতি বিভিন্ন হুমকি ও পারিবারিক নিরাপত্তা উদ্বেগের জেরে তিনি জনসমক্ষে চলাফেরা প্রায় পুরোপুরি এড়িয়ে চলছেন বলে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বর্তমানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারনকে নিয়ে ট্রাম্প পরিবার ও তার দপ্তর বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাম্পের ওপর একাধিক হামলা এবং সাম্প্রতিক কিছু হুমকির পর তার ব্যক্তিগত জীবনসংক্রান্ত তথ্য প্রকাশের ওপর কড়া গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার ছেলের ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নানা টানাপোড়েন এবং সম্প্রতি ইরানের পক্ষ থেকে আসা বিভিন্ন হুমকির জেরে ব্যারনের নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে। অতীতে তৎকালীন বাইডেন প্রশাসনের সহায়তায় তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা বাড়ানো হয়েছিল, যা বর্তমান পরিস্থিতিতেও বজায় রয়েছে।

আপনার মতামত দিন