কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে জনসভা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কলকাতার হেস্টিংস থানায় পুলিশ এই মামলা নথিভুক্ত করে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাথিড্রাল রোডে একটি সভার আয়োজন করে কালীঘাট তৃণমূল। ওই সভায় ভিড় সীমিত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের এক পাশ খোলা রাখার কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের সেই শর্ত লঙ্ঘন করে বিপুল জনসমাগম ঘটানো হয় এবং মমতার ইশারায় ব্যারিকেড ভেঙে লোকজন মঞ্চের দিকে চলে আসায় ক্যাথিড্রাল রোডে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করে। এ বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমান সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে না এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত দিন