দেশে গত ২৪ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ের হিসাব ধরে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৪জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৬জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৫হাজার ৬৭৮জনে। একই সময়ে নতুন করে ৫৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮হাজার ৮৫৩জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য না থাকলেও রোগতাত্ত্বিকদের মতে, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে সংঘটিত প্রতিটি মৃত্যুই হামজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

আপনার মতামত দিন