হোম / বিশ্ব / হিমবাহ ধস ও আকস্মিক বন্যা: নেপাল ও চীনে প্রাণ...
বিশ্ব

হিমবাহ ধস ও আকস্মিক বন্যা: নেপাল ও চীনে প্রাণহানি বেড়ে প্রায় ৭০০

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ | ১১:০১ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে।

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নেপালেই ৬৭৫ জনের প্রাণহানি ঘটেছে এবং চীনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দুই দেশ মিলে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচ থেকে মরদেহ উদ্ধারে তীব্র হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দলগুলো। সময় গড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই মানবিক সংকট মোকাবিলায় নেপালকে প্রথমে ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৬ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, গত বুধবার চীন সীমান্তবর্তী অঞ্চলে হিমবাহ ধসে বরফ ও পাথরের বিশাল স্তূপ নেমে আসায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এর ফলে নেপালের রাসুয়া ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, বসতবাড়ি এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে এখনও ২৪০০ জনের বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতির অবনতি হওয়ায় ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দাদের পাশাপাশি উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজদের তালিকায় পর্যটক ও বিদেশি কর্মীসহ শত শত বিদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে ১৮৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ৭৫৩ জন পর্যটকের কোনো সন্ধান মিলছে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৮৮জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হলেও ২৮৭জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিচয় শনাক্তকরণে ডিএনএ নমুনা বিশ্লেষণে সহায়তা করতে ভারতের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ইতোমধ্যে কাঠমান্ডুতে পৌঁছেছে। অন্যদিকে, চীনে নিখোঁজের সংখ্যা কমে ৫৪৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৬১জন বিদেশি নাগরিক এবং ১৮জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি সাপেক্ষে মৃত ও নিখোঁজের সংখ্যা পরবর্তীতে আরও পরিবর্তিত হতে পারে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+