রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে স্কুল শিক্ষিকা রনজিলা পারভীন মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এই ব্রিফিং পরিচালনা করবেন।
এর আগে গত কয়দিন পূর্বে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন। সংসদ ভবন এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত দিন