নেপালে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে রাসুয়া অঞ্চল থেকে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুটের অভিযোগে ২৯জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেপাল নিউজের বরাতে জানা যায়, আকস্মিক বন্যার তোড়ে রাসুয়া এলাকা থেকে একটি ব্যাংকের ভল্ট ভেসে ত্রিশূলী নদী বেয়ে ধাদিং জেলায় এসে পৌঁছায়। সেখানে কিছু স্থানীয় ব্যক্তি ক্ষতিগ্রস্ত ভল্টটি ভেঙে ভেতর থেকে নগদ অর্থ লুটে নেন। খবর পেয়ে সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের একটি যৌথ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতদের কাছ থেকে মোট ৯২লাখ ৬৮হাজার ৫০৫নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অভি নারায়ণ কাফল জানিয়েছেন, আটক ২৯জনকে ধাদিং জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে বন্যার স্রোতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অমানবিক অভিযোগে আরও দুজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ৪১সেকেন্ডের ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পানি থেকে মরদেহ টেনে তোলার সময় নারীর কান থেকে দুল খুলে নিচ্ছেন, আর আশপাশের লোকজন তা মুঠোফোনে ধারণ করছেন।
তিব্বত সীমান্তবর্তী নেপালের পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। হিমবাহ ধসে পাহাড়ি নদীগুলোতে আকস্মিক ঢল নামায় জনপদ প্লাবিত হয়ে বহু গ্রাম, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ছয় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনো দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের ভয়াবহ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আপনার মতামত দিন