নেপালে চলমান ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পাশাপাশি বন্যার পানিতে ২০ জন শিক্ষার্থীর ভেসে যাওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে রাসুয়া ও নুওয়াকোট। এই দুই জেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২,৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। অতিরিক্ত পানির তোড়ে এবং ভূমিধসের কারণে কোনো কোনো স্কুল সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান মাটির নিচে চাপা পড়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত তিন জেলায় এখন পর্যন্ত অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে একটি স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে জোরদার তল্লাশি ও উদ্ধারকাজ পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।

আপনার মতামত দিন