হোম / জাতীয় / ‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুর...
জাতীয়

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ১০:৫৪ অপরাহ্ন
৮১ বার পঠিত
ফন্ট:
‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ অর্জন করেছেন বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ অর্জন করেছেন বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে এ বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের পাশাপাশি এবার সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি এই সম্মাননা লাভ করেছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সেবা, কমিউনিটির জন্য সুযোগ সৃষ্টি এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করার অনন্য কাজের স্বীকৃতি হিসেবে এবারের বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

এই অর্জনে গভীর আনন্দ ও বিনয় প্রকাশ করে রুনা খান বলেন, ‘কোনো নেতা একা পথ চলেন না।’ এই স্বীকৃতি তিনি প্রান্তিক জনগোষ্ঠী ও ফ্রেন্ডশিপের সকল কর্মীকে উৎসর্গ করেন। একই সঙ্গে গত ২৫ বছর ধরে যারা তাদের কাজের ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, ২০০২ সালে একটি ভাসমান হাসপাতাল পরিচালনার মাধ্যমে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন রুনা খান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের বাস্তব প্রয়োজনকে বিবেচনায় রেখে টেকসই উন্নয়ন মডেল তৈরির ক্ষেত্রে তার দীর্ঘদিনের অবদান রয়েছে।

এর আগে বাংলাদেশ থেকে স্যার ফজলে হাসান আবেদ, ড. মুহাম্মদ ইউনূস, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান, এ এইচ এম নোমান, সৈয়দা রিজওয়ানা হাসান, ফেরদৌসী কাদরী এবং সর্বশেষ ২০২৩ সালে করভি রাখসান্দসহ মোট ১৩ জন বিশিষ্ট ব্যক্তি এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় রুনা খান বাংলাদেশের চতুর্দশ ব্যক্তি হিসেবে এই গৌরব অর্জন করলেন।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে ১৯৫৮ সাল থেকে প্রতিবছর ৩১ আগস্ট তার জন্মদিনে এই পুরস্কার প্রদান করা হয়।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+