মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর রায় ঘোষণা শুরু হয়েছে।
সোমবার (৩১আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় পড়া শুরু করেন। এর আগে গত ২৫ আগস্ট রায়ের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ৫মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনার তিন দিন পর ৮মার্চ শিশুটির মা হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৩এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২৩এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হওয়ার পর, ১৭মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
গত ২১মে বিচারিক আদালতের রায়ের নথি ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি গত বছরের ২৫জুন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি হিটু শেখ। গত ১জুলাই আপিল শুনানির জন্য গ্রহণ করে তার ওপর আরোপিত অর্থদণ্ড স্থগিত করেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ হাইকোর্টে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।
মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক, তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে নিযুক্ত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আপনার মতামত দিন