হোম / জাতীয় / চার ধাপে আসছে নতুন পে-স্কেল: মন্ত্রিসভায় অনুম...
জাতীয়

চার ধাপে আসছে নতুন পে-স্কেল: মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনা আজ

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।

মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (৩১ আগস্ট) অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশগুলো উপস্থাপনের কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংকটের কারণে সৃষ্ট চাপ মোকাবিলায় একটি ভারসাম্যপূর্ণ কৌশল হিসেবে এই ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, উচ্চ আমদানির কারণে সরকারের রাজস্ব আদায়ের সুযোগ সংকুচিত হওয়ায় নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকরের সুপারিশ করা হতে পারে। এরপর আগামী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জুলাই ও জানুয়ারি মাসে বাকি অংশ ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। অর্থাৎ দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার রূপরেখা তৈরি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার গত বছর (২০২৫ সালের) ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে তা পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠিত হয়।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রিসভার আজকের বৈঠকে অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট হবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+