জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জানান, তার সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ব্রিটিশ এই আইনজীবী বার কাউন্সিলে আবেদন করেছেন। গত ২৪ আগস্ট বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি জমা দেওয়া হয় এবং বর্তমানে এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
চলতি বছরের ১২জানুয়ারি এই মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আনা পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং ষড়যন্ত্র।
অভিযোগে বলা হয়, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এছাড়া আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন এবং গত বছরের ১৯ জুলাই তাদের মধ্যে একটি ফোনালাপ হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত দিন