রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী আশা আক্তার (২০) ও হোটেলকর্মী সিয়াম (১৮)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে আলমগীরের কপালে, আশার ডান পায়ে এবং সিয়ামের বাম কাঁধে গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীর বাসায় থাকেন এবং গেন্ডারিয়ার একটি হোটেলে কাজ করেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে তিনি মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে যান। এ সময় হঠাৎ রাস্তায় কয়েকজনের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে পরিস্থিতি দেখে তিনি দোকানের শাটার বন্ধ করতে যান। ঠিক তখনই এলোপাতাড়ি গুলির মধ্যে একটি গুলি এসে তার বাম কাঁধে লাগে।
আরেক আহত আশা আক্তার জানান, তিনি পায়ে হেঁটে বাসায় ফেরার পথে মুন্সিরটেক এলাকায় পৌঁছালে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ছোড়া গুলিতে তার ডান পায়ে জখম হয়। অন্যদিকে, চায়ের দোকানি আলমগীর নিজের দোকানে বসা থাকা অবস্থায় আকস্মিক সংঘর্ষ ও গোলাগুলির মুখে পড়েন এবং তার কপালে গুলি লাগে।

আপনার মতামত দিন