ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোট জেলার বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধারকর্মীরা ২৩ জনের মরদেহ উদ্ধার করেন। পাশাপাশি ভারতের গণ্ডক নদী থেকে আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নেপালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রাসুয়া জেলার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে আশঙ্কা করা হচ্ছে। টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধারকাজ ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। ধসে পড়া সড়ক যোগাযোগ ও প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আপনার মতামত দিন